টমেটো-গাজরের আগুন দাম, বাজারে নাভিশ্বাস ভোক্তাদের

টমেটো-গাজরের আগুন দাম, বাজারে নাভিশ্বাস ভোক্তাদের
নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৫

ভরা মৌসুমের বিদায়ের সঙ্গে সঙ্গে আবারও চড়া হলো টমেটো ও গাজরের বাজার। জুন মাস থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা এই দুই জনপ্রিয় সবজির দাম এখন ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়, আর গাজর ১০০ থেকে ১৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, এটি নিয়মিত চিত্র। প্রতিবছরই মৌসুম শেষে এসব সবজির উৎপাদন কমে যায়, ফলে দাম বাড়ে। তবে এ বছর আমদানি নির্ভরতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দাম আরও বেড়েছে।

“এখন যা টমেটো পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ভারত থেকে আসছে। কিছু স্টোর করা পণ্যও বাজারে রয়েছে। ভারতীয় টমেটো টাটকা বলে দাম বেশি। স্টোর করা টমেটোর মান খারাপ, তাই দাম কম।”

— বললেন হাজীপাড়া বাজারের ব্যবসায়ী মো. শরিফুল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমানে আমদানি করা টমেটোর কেজি ১৮০-২০০ টাকা, আর কোল্ড স্টোরেজের টমেটো বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। একইভাবে, চীন থেকে আমদানি করা গাজরের কেজি ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে, আর দেশি স্টোরেজ গাজর বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।

বাজারের নাম টমেটো (প্রতি কেজি) গাজর (প্রতি কেজি)
হাজীপাড়া ১৬০–২০০ টাকা ১৪০–১৬০ টাকা
তালতলা (খিলগাঁও) ১৮০–২০০ টাকা ১২০–১৬০ টাকা
মালিবাগ ১৭০–২০০ টাকা ১৩০–১৬০ টাকা
রামপুরা ১৬০–১৮০ টাকা ১০০–১৬০ টাকা

শুধু টমেটো ও গাজরই নয়, ঢাকার বাজারে প্রায় সব সবজির দামই বেড়েছে।

মালিবাগ বাজারে বাজার করতে আসা ভোক্তা লিয়াকত আলী বলেন,

“ভরা মৌসুমে যখন টমেটো-গাজর ১০-২০ টাকা কেজি, তখনই তো মজুত করে রাখা যায়। এখন কোল্ড স্টোরেজের পুরনো পণ্য কিনে আমাদের ১৫০-২০০ টাকা দিতে হচ্ছে! এটা অন্যায়।”

রামপুরার আরেক ক্রেতা খায়রুল হোসেন বলেন,

“সবজির চাহিদা মৌসুমে বা বাইরে সবসময়ই থাকে। ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়ায়। আমদানির অজুহাতে যা খুশি দাম নিচ্ছে।”

বাজার বিশ্লেষকদের মতে, দেশে সংরক্ষণ প্রযুক্তি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় মৌসুম শেষে চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা যাচ্ছে না। আমদানি বাড়লেও খরচ ও ট্যারিফের কারণে দাম কমছে না। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিপাতের কারণে চলতি বছরে দেশীয় উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে বলেও জানা গেছে।