নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে ১০ লাখ টন ডাল-চিনি আমদানির অনুমতি

নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে ১০ লাখ টন ডাল-চিনি আমদানির অনুমতি
নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৫

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। বেসরকারি প্রতিষ্ঠান সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড-এর অনুকূলে এ অনুমতি দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসুর ডাল ও চিনি উন্মুক্তভাবে আমদানিযোগ্য পণ্য। তাই চলমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী এলসি (ঋণপত্র) খুলে এসব পণ্য বাণিজ্যিকভাবে আমদানি করা যাবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের অবশ্যই আন্তর্জাতিক মান এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত মান বজায় রেখে আমদানি কার্যক্রম পরিচালনা করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের উপসচিব সাইফুল ইসলাম জানান, “সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড এর পক্ষে আমদানির আবেদন করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে ডাল ও চিনির সরবরাহ বাড়লে মূল্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। সামনে উৎসব ও ভোগের মৌসুম থাকায় এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেও মনে করা হচ্ছে।