ডিজিটাল ব্যাংকের নতুন লাইসেন্স প্রদানের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন আহ্বান করবে। আগামী ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ আগস্টের সভায় ডিজিটাল ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু সদস্য নতুন লাইসেন্স প্রদানের পক্ষে না থাকার কথা জানিয়েছিলেন। বিশেষ করে, বিগত সরকারের সময়ে অনুমোদিত ‘নগদ’ ও ‘কড়ি’ ডিজিটাল ব্যাংকের মালিকানায় বিদেশি প্রতিষ্ঠানের অনিশ্চিত তথ্য এবং দেশীয় অবকাঠামোর প্রস্তুতির ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
নগদ ব্যাংক পিএলসির লাইসেন্স বর্তমানে স্থগিত রয়েছে, কারণ বিদেশে কোম্পানি খোলার অভিযোগ উঠে। অন্যদিকে কড়ি ডিজিটাল ব্যাংক এখনও চূড়ান্ত লাইসেন্স পায়নি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ডিজিটাল ব্যাংক খাতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো পুরোপুরি তৈরি হয়নি, আর কিছু ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, যা নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়ায়।
তবে, কেন্দ্রীয় ব্যাংক আগ্রহী উদ্যোক্তাদের কাছে আবেদন সংগ্রহের মাধ্যমে ডিজিটাল ব্যাংক খাতের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করবে।
এর আগে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালে, যেখানে ৫২টি আবেদন থেকে ৯টি প্রস্তাব নেয়া হয়েছিল। বর্তমানে নগদ ও কড়ি ব্যাংক ছাড়া অন্য কয়েকটি প্রতিষ্ঠানকে এলওআই (Letter of Intent) দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা ও আর্থিক তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করেছে।


