১ সেপ্টেম্বর থেকে ওএমএস বিক্রয়কেন্দ্রে ২৪ টাকায় মিলবে খোলা আটা

১ সেপ্টেম্বর থেকে ওএমএস বিক্রয়কেন্দ্রে ২৪ টাকায় মিলবে খোলা আটা
নিউজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খোলাবাজারে চাল বিক্রয়ের পাশাপাশি এবার ১ সেপ্টেম্বর থেকে প্রতিটি ওএমএস (ওপেন মার্কেট সেল) বিক্রয়কেন্দ্রে খোলা আটা বিক্রি করা হবে ২৪ টাকা কেজি দরে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশের ওএমএস বিক্রয়কেন্দ্রগুলোতে প্রতিদিন এক টন করে আটা বরাদ্দ থাকবে। কর্মদিবসগুলোতে উপজেলা পর্যায়ের প্রতিটি কেন্দ্রে এই বরাদ্দ কার্যকর হবে।

বর্তমানে ওএমএস কার্যক্রম চালু রয়েছে দেশের সিটি করপোরেশন, জেলা সদর, শ্রমঘন উপজেলা ও পৌর এলাকাগুলোতে। নতুন করে যুক্ত হওয়া এই আটার বিক্রয় কার্যক্রম চালুর মাধ্যমে সরকারের লক্ষ্য—স্বল্প আয়ের মানুষদের সাশ্রয়ী দামে খাদ্যপণ্য সরবরাহ করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “এই কার্যক্রমে কোনো ভর্তুকি পণ্য পেতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে না। যে কেউ নির্ধারিত বিক্রয়কেন্দ্রে গিয়ে প্রতি কেজি আটা মাত্র ২৪ টাকায় কিনতে পারবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে খোলা আটার দাম যেখানে অনেক বেশি, সেখানে সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে আসবে।