‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’ এ বয়ান এখন ফেলে দিতে হবে : ড. হোসেন জিল্লুর রহমান
বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির মূল্যায়নে আত্মতুষ্টির অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন,
“বাংলাদেশ এগিয়ে যাচ্ছে”—এই পুরোনো বয়ান এখন সময়ের সঙ্গে বেমানান। বিশ্ব এগিয়ে যাচ্ছে দৃপ্ত গতিতে, আমরা পিছিয়ে পড়ছি।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত “বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. হোসেন বলেন,
“আমরা এখন এমন এক পর্যায়ে, যেখানে অর্থনীতিতে গতি নেই, বাণিজ্যে গতি নেই। দারিদ্র্য আবার বাড়ছে, বেকারত্ব এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। প্রাথমিক শিক্ষা স্তরেও ঝরে পড়ার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এই চিত্র আমাদের কথিত অগ্রগতির সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি সতর্ক করেন, অতিরিক্ত আত্মতুষ্টি এবং ‘সবকিছু ঠিক আছে’ ধরনের বয়ান বাস্তবতা এড়িয়ে যাওয়ার নামান্তর, যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
গত ১৫ বছরে দেশে কর্তৃত্ববাদী গোষ্ঠীতন্ত্রের উত্থান ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
“যে গোষ্ঠীতন্ত্র আমাদের প্রশাসন ও রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে, তা দমন করতে গিয়ে সরকার এখন ব্যবসায়ী শ্রেণিকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এটা সঠিক পন্থা নয়।”
তিনি আরও বলেন, “আমাদের অর্থনীতিকে টেকসই ও বৈচিত্র্যপূর্ণ করতে নতুন প্রবৃদ্ধির খাত খুঁজে বের করতে হবে। পোশাক খাত ছাড়াও কৃষি, ওষুধ, তথ্যপ্রযুক্তি, চামড়া ইত্যাদি খাতে বিনিয়োগ ও উদ্ভাবনের সুযোগ রয়েছে।”


