অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেন ড. সবুর খান
সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো (এবিবিএফ) ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১-২ অক্টোবর অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আয়োজনটি অনুষ্ঠিত হয় সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে, যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও উদ্ভাবনে অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে একত্রিত হন তিন হাজারেরও বেশি পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষাবিদ।
এক্সপোর অংশ হিসেবে আয়োজিত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সেশনে বক্তৃতা দেন ড. সবুর খান। সেখানে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে উদ্ভাবন, নীতিগত সংস্কার এবং শিক্ষা ও শিল্পের সমন্বয়ের মাধ্যমে যে রূপান্তর ঘটছে, তা তুলে ধরেন।
তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারত্ব জোরদারে চারটি গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করেন।যৌথ ডিগ্রি প্রোগ্রাম, ডিজিটাল লার্নিং ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জের মাধ্যমে শিক্ষা রপ্তানির সুযোগ বৃদ্ধি,বাংলাদেশের আইটি আউটসোর্সিং ও এডটেক খাতকে কাজে লাগিয়ে প্রযুক্তি বাণিজ্য সম্প্রসারণ,স্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও চতুর্থ শিল্পবিপ্লবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বিনিময়,সবুজ ক্যাম্পাস, জলবায়ু সহনশীলতা ও সামাজিক উদ্যোগে সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা।
এই অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ম্যাককোয়রি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শহীদ, ইনভেস্টমেন্ট এনএসডব্লিউ-এর সহযোগী পরিচালক ভিকি ক্লেয়ার, এবং অস্ট্রেডের প্রোগ্রাম ম্যানেজার মেঘা গুপ্তা।
ড. খান-এর অংশগ্রহণ কেবল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উদ্ভাবনী শিক্ষা কেন্দ্র হিসেবে তুলে ধরেনি, বরং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বৈশ্বিক অবস্থান এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিকেও আরও জোরালো করেছে।
এবিবিএফ ২০২৫ শেষ হয়েছে শিক্ষা ও দক্ষতাকে কেন্দ্র করে সাহসী সহযোগিতার আহ্বানের মাধ্যমে, যা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করবে বলে প্রত্যাশা।


