আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫

দেশের স্বর্ণ বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দামে আজ রোববার (৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১,৯৭,৫৭৬ টাকায়— যা গত দিনের চেয়ে ২,১৯২ টাকা বেশি।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। বৈশ্বিক মূল্যবৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা । আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য থাকতে পারে।

গতকালও (৪ অক্টোবর) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফা বাড়ানো হয়েছে দাম।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৪২ বারই দাম বেড়েছে, কমেছে মাত্র ১৮ বার।

গত বছর (২০২৪) স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার—এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়, আর ২৭ বার কমানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের উর্ধ্বগতি, ডলার সংকট এবং আমদানি জটিলতার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম লাগাতার বাড়ছে। অনেকেই এটিকে “নিয়ন্ত্রিত বাজারেও অস্থিরতার ইঙ্গিত” বলেও আখ্যা দিচ্ছেন।