বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী
তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য বড় ধরনের আগ্রহ দেখিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনার ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’-এ এই আগ্রহের কথা জানান তুর্কি ব্যবসায়ীরা।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি মূল প্রবন্ধে দাবি করেন, “বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।” তিনি রপ্তানি বৃদ্ধি, মুদ্রার স্থিতিশীলতা এবং অনুকূল মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি আরও জানান, ব্যবসা সহজীকরণের জন্য সরকার ইতোমধ্যে ৩২টি সংস্কার উদ্যোগ নিয়েছে।
সেমিনারে অংশগ্রহণকারী ৩০টিরও বেশি তুর্কি কোম্পানির মধ্যে যারা ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে, তাদের অভিজ্ঞতা প্রশংসার জন্ম দিয়েছে। আরসেলিক কোম্পানির সিইও বারিশ আলপার্সলান বলেন, “আমরা বাংলাদেশের স্থানীয় সরবরাহ চেইন শক্তিশালী করতে, দক্ষ জনবল গড়ে তুলতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে, আয়গেজ কোম্পানির এজিএম এরজুমেন্ট পোলাত বিডার ‘ওয়ান স্টপ সার্ভিস’ (ওএসএস) প্ল্যাটফর্মের ভূয়সী প্রশংসা করে জানান, ওএসএস-এর সহায়তায় তারা দ্রুত সম্প্রসারণ করতে পেরেছেন এবং বর্তমানে তাদের বিতরণ নেটওয়ার্ক প্রায় ৩০ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে।
প্রধান অতিথি বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুর্কি শিল্পনেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সেমিনারের পাশাপাশি বিডা সম্প্রতি তুরস্কের শীর্ষ শিল্প সংগঠন তুর্ক অন ফিড-এর সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছে।


