সরকার তেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

সরকার তেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।”

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এর আগের দিন (১৩ অক্টোবর) ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, পাম তেলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনার পরই এ দাম নির্ধারণ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এমন ঘোষণার পরদিনই বাণিজ্য উপদেষ্টা জানালেন, মূল্যবৃদ্ধির প্রস্তাব এখনো অনুমোদন পায়নি। ফলে প্রশ্ন উঠেছে—তবে কি ব্যবসায়ীরা নিজেরাই দাম বাড়িয়ে দিচ্ছেন?

উল্লেখ্য, গত আগস্টেও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা। তারা প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধির দাবি জানালেও বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা সেই সময় কোনো গণবিজ্ঞপ্তিও দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, সরকারের নিয়ন্ত্রণ না থাকা এবং অস্পষ্ট বার্তার সুযোগে বাজারে একপেশে দাম বৃদ্ধির প্রবণতা তৈরি হচ্ছে, যার চাপ পড়ছে সাধারণ ভোক্তার উপর।