অক্টোবরে রেমিট্যান্সে চাঙা ভাব, প্রথম ১৩ দিনেই এসেছে ১২৭ কোটি ডলার
চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনেই দেশে এসেছে প্রায় ১২৭ কোটি মার্কিন ডলার (১.২৭ বিলিয়ন ডলার) প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৭৭ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১,১৯২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেশ উর্ধ্বমুখী। অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৭ কোটি ডলার, যা গত বছর একই সময়ে ছিল ১০০ কোটি ডলার।
২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৮৫ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের (২০২৪-২৫) একই সময়ের তুলনায় ১৭.৪ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স ছিল ৭৫৪ কোটি ৩০ লাখ ডলার।
জুলাই: ২৪৭.৭৮ কোটি ডলার
আগস্ট: ২৪২.১৯ কোটি ডলার
সেপ্টেম্বর: ২৬৮.৫৮ কোটি ডলার
২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।
আর ২০২৪-২৫ অর্থবছরে এটি বেড়ে দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৬.৮ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের মার্চে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স—৩২৯ কোটি ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে ব্যাংক ও সরকারের বিভিন্ন উদ্যোগ সফল হয়েছে। হুন্ডি কমে যাওয়া, প্রণোদনা সুবিধা এবং রেমিট্যান্স অ্যাপে সহজ পাঠানোর সুযোগ—সব মিলিয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হয়েছেন।


