বাংলাদেশ-নেপাল বাণিজ্যে নতুন দিগন্ত: কাঁচাপাট নয়, আধা-প্রক্রিয়াজাত পণ্যের ওপর জোর

বাংলাদেশ-নেপাল বাণিজ্যে নতুন দিগন্ত: কাঁচাপাট নয়, আধা-প্রক্রিয়াজাত পণ্যের ওপর জোর
নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছে নেপালের জুট মিলগুলো। এ পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাঠমান্ডু। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

বৈঠকে নেপালের রাষ্ট্রদূত জানান, দেশটির ১১টি জুট মিল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশি কাঁচাপাটের ওপর নির্ভর করে। রপ্তানি বন্ধের কারণে এসব মিলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি অবিলম্বে কাঁচাপাট রপ্তানির অনুমতি পুনর্বহালের অনুরোধ জানান।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ এখন কাঁচাপাট নয়, সেমি-ফিনিশড পাটপণ্যের রপ্তানিতে মনোযোগী। এতে একদিকে যেমন মূল্য সংযোজন বাড়বে, অন্যদিকে বিদেশি ক্রেতারাও পরিবেশবান্ধব ও উন্নতমানের পণ্য পাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি নেপালকে এসব আধা-প্রক্রিয়াজাত পাটপণ্য আমদানির আহ্বান জানান এবং বলেন, “এতে শুধু নেপাল নয়, বাংলাদেশও লাভবান হবে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘনিষ্ঠতা বাড়বে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, কাঁচামালের পরিবর্তে প্রক্রিয়াজাত পণ্যে বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। বাংলাদেশের পাট খাতকে টেকসই করে গড়ে তুলতে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেপালের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব বিবেচনায় রয়েছে।