কার্গো ভিলেজে আগুন পাশের দেশের ষড়যন্ত্র, ইঙ্গিত বিটিএমএ সভাপতির

কার্গো ভিলেজে আগুন পাশের দেশের ষড়যন্ত্র, ইঙ্গিত বিটিএমএ সভাপতির
নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পোশাক খাত নিয়ে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল করতে কেউ চায় না যে আমাদের রপ্তানি বৃদ্ধি পাক।”

সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিটিএমএ সভাপতি বলেন, “কারখানায় আগুন, বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানে আগুন—এটা আর কাকতালীয় মনে হচ্ছে না। এ যেন আমাদের অর্থনীতিকে পেছনে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। আজ বিমানবন্দর পর্যন্ত আগুন পৌঁছেছে, কাল কোথায় যাবে?”

তিনি আরও বলেন, “আমাদের পোশাক খাতে এ বছর ৫-৬ শতাংশ রপ্তানি কমেছে। অথচ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গত বছর এতটা ক্ষতি হয়নি। তাহলে এবার হঠাৎ এমন পতনের পেছনে নিশ্চয় কিছু আছে।”

ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম জানান, কার্গো ভিলেজে আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় বারবার আগুন লাগা প্রশ্নবিদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।”

তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

এক প্রশ্নের জবাবে শওকত আজিজ রাসেল বলেন, “আমাদের পার্শ্ববর্তী দেশেরও আগ্রহ রয়েছে আমাদের বাজার কমিয়ে দেওয়ার। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নাজুক করে তুলতে বহুমুখী ষড়যন্ত্র চলছে।”

তিনি আরও বলেন, “এখনই প্রতিরোধ গড়ে না তুললে শুধু শিল্প নয়, ভবিষ্যতে নাগরিক জীবনের নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে।”