প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকে। গরু, ছাগল বা হাঁস-মুরগি যদি রোগমুক্ত থাকে, তাহলে সেখান থেকে প্রাপ্ত খাদ্যও হবে নিরাপদ। আর নিরাপদ খাদ্যই মানুষের সুস্থতার মূল চাবিকাঠি।”

তিনি আরও বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার থাকা প্রয়োজন, কিন্তু প্রায় ৫ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কেন প্রতিটি উপজেলায় তিন-চারজন ভেটেরিনারিয়ান রাখা যাবে না?”

ফরিদা আখতার ভেটেরিনারি আইন ও ফিড আইন প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, “ভেটেরিনারি আইন প্রায় প্রস্তুত, শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। ফিড আইন ছাড়া প্রাণিখাদ্যকে নিরাপদ রাখা সম্ভব নয়। দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গণে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি নবীন ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে বলেন, “আমাদের কাছে কোনো প্রাণীই খেলনা নয়; প্রতিটি প্রাণীর সেবার অধিকার আছে। সেই সেবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে একযোগে নিশ্চিত করতে হবে।”

উপদেষ্টা আরও জানিয়েছেন, দেশের বাস্তব প্রয়োজনে ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে কম্বাইন্ড ডিগ্রি হিসেবে চালু করা হবে এবং ছোটখাটো মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ড. মো. বাহানুর রহমান, আহকাবের সভাপতি সায়েম উল হক ও বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. আ. মান্নান মিয়া।