জাটকা ইলিশ আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু
দেশের নদ-নদীতে ইলিশের টেকসই সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে আজ (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই আট মাসব্যাপী নিষেধাজ্ঞা কার্যক্রম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়। ওই সময়ে প্রজননক্ষম ইলিশ রক্ষায় সারা দেশে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে সেই ডিমওয়ালা ইলিশ থেকে উৎপন্ন পোনা উপকূলীয় নদী ও মোহনায় বিচরণ করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে সরকার।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অমান্য করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কঠোর তদারকি চালাবে।


