বিদেশগামী এয়ার টিকিট এখন থেকে আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে
বিদেশগামী সব রুটের বিমান টিকিট এখন থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে কেনার সুযোগ চালু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের জন্য সহজ, ঝামেলাহীন এবং প্রতিযোগিতামূলক মূল্যে সেবা নিশ্চিত করতে। আগে আন্তর্জাতিক কার্ড মূলত বিদেশে ব্যয়ের জন্য সীমাবদ্ধ থাকায় দেশে বসে সাশ্রয়ী মূল্যে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের সমস্যার মুখোমুখি হতে হতো।
নতুন নিয়মে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-দুবাইসহ সব আন্তর্জাতিক রুটের টিকিট অনায়াসে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। তবে টিকিট বিক্রির অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাহিত হয়।
এছাড়া, ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল করা যাবে। তবে এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট বিক্রির পুরো অর্থ দেশে জমা হয়েছে, তারপরই এটি সম্ভব হবে।
দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের টিকিট বিক্রির বিপরীতে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা এডি ব্যাংকের মাধ্যমে পরিচালিত হিসাবেই জমা করবে। খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ তারা বৈধভাবে প্যারেন্ট অফিসে পাঠাতে পারবে।
শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের ডিজিটাল টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করবে। পাশাপাশি এটি দেশি ও বিদেশি টিকিট মূল্যের বৈষম্য কমাবে এবং বৈদেশিক মুদ্রার লেনদেনকে আরও স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করবে।


