অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ছে

অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ছে
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫

করদাতাদের আবেদন বিবেচনায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়াতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়ম অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। এ বিষয়ে আগামী সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আয়কর আইন-২০২৩ অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ব্যতীত সব ধরনের করদাতাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। তবে বিভিন্ন পেশাজীবী ও করদাতারা সময় বৃদ্ধি করার অনুরোধ করায় তা বিবেচনায় নিয়ে এক মাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি করবর্ষে ইতোমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এনবিআরের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বছর এনবিআর বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে ছাড়প্রাপ্ত করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন।

বিদেশে থাকা বাংলাদেশি করদাতারা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও ই-মেইল পাঠিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। ই-রিটার্ন ব্যবস্থায় কোনো নথি আপলোড করতে হয় না; আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিলেই তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও কর সনদ সংগ্রহ করা যাচ্ছে।

করদাতাদের সহায়তায় এনবিআর কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১), ই-ট্যাক্স হেল্প ডেস্ক এবং etaxnbr.gov.bd–এর বিভিন্ন সেবা ব্যবহার করার সুযোগও বাড়িয়েছে। অনলাইনে রিটার্ন দাখিল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং এবারে তা আরও ব্যাপক হবে বলে আশা করছে এনবিআর।