তেজগাঁওতে শুরু হচ্ছে ‘বিসিক বিজয় মেলা-২০২৫’
মহান বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে শুরু হচ্ছে বিসিক বিজয় মেলা-২০২৫। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এই পাঁচদিনব্যাপী মেলা আগামীকাল ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
মেলায় হস্ত ও কারুশিল্পের নানা পণ্যের সমাহার থাকবে। বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি দেশি পণ্যও দর্শনার্থীরা সরাসরি দেখতে ও কিনতে পারবেন। মেলার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিসিক জানিয়েছে, মেলার মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি, বিপণন এবং বাজার সম্প্রসারণ। মেলায় প্রদর্শিত হস্তশিল্পের মধ্যে থাকবে নকশিকাঁথা, মাটির গয়না, কাঠের খেলনা ও অন্যান্য কারুশিল্পের পণ্য।
গত অক্টোবর মাসে বিসিক ভবনে আয়োজিত ‘বিসিক শরৎ মেলা’ এর পর এটি রাজধানীতে হস্তশিল্প ও কুটির শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী।


