সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ-মুরগির দর

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ-মুরগির দর
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

শীতের ভরা মৌসুমে রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির জোগান বেড়েছে। এতে প্রায় সব ধরনের সবজির দামই ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। দীর্ঘদিন পর কমেছে পেঁয়াজের দামও, ফলে বাজার করতে কিছুটা স্বস্তি মিলছে সাধারণ মানুষের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। কেজিপ্রতি এটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। হালি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ১০০ টাকায়, যা কয়েক সপ্তাহ আগেও ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল। আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম হলেও দামে বড় কোনো প্রভাব পড়েনি।

বর্তমানে শীতকালীন সবজির ভরা মৌসুম থাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগমসহ অধিকাংশ সবজির দাম কমের দিকে। নতুন আলুর দামও আরও কমেছে; এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ টাকা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে বছরের শেষ দিকে ছুটি ও ভ্রমণের কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, ডিম ও মুরগির বাজারও স্থিতিশীল। ফার্মের বাদামি ডিম প্রতি ডজন বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ২৬০ টাকার মধ্যে রয়েছে।

অন্যদিকে, মাছের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। নদীতে মাছ ধরা কম হওয়ায় চাষের মাছেই ভরসা করছেন বেশিরভাগ ক্রেতা। চাষের তেলাপিয়া, পাঙাশ ও কই মাছ কেজিপ্রতি ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রুই ও কাতলার দাম কেজিতে ৩০০ থেকে ৩৫০ টাকা, যা গত কয়েক সপ্তাহ ধরেই প্রায় অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, সামনে রমজান মাসকে সামনে রেখে সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারে দাম আরও স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।