রমজানের প্রথম দিনেই পেঁয়াজের দামে ঝাঁজ, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা
পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর খুচরা বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও চাহিদা বৃদ্ধির অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এতে নিত্যপণ্যের চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ভালো মানের পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারে ছোট পেঁয়াজ ৫৫ টাকায় মিললেও ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে না।
খুচরা বিক্রেতা হাসান মাহমুদ বলেন, “আজকে নয়, গত দুই-তিন দিন ধরেই দাম বাড়ছে। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে গেছে, পরিবহন খরচও বেড়েছে। রমজানকে কেন্দ্র করে পাইকারি বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে।”
বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায়ে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে কয়েক দফা দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে সমন্বয় ছাড়া উপায় নেই বলেও জানান তারা।
ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। মারুফ হোসেন নামে এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি। আজ একই পরিমাণ পেঁয়াজের দাম চাচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।”
রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার, কিছুদিন চলবে। কিন্তু এরপর বেশি দামেই কিনতে হবে। রোজা আসলেই ব্যবসায়ীরা দাম বাড়ায়।”
রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে স্বস্তি ফেরাতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।


