ফেব্রুয়ারির ২৫ দিনেই ২.৭৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২১.৮০%

ফেব্রুয়ারির ২৫ দিনেই ২.৭৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২১.৮০%
নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৭৯ কোটি ২০ লাখ (২.৭৯ বিলিয়ন) মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

বাংলাদেশ ব্যাংক-এর হিসাব অনুযায়ী, এই সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা ও ব্যাংকগুলোর বিভিন্ন আকর্ষণীয় অফার প্রবাসীদের উৎসাহিত করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে এ প্রবৃদ্ধির হার প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত জানুয়ারিতেও রেমিট্যান্সে বড় মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। জানুয়ারি মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত।