রাজধানীতে প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো শুরু ১৩ এপ্রিল

রাজধানীতে প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো শুরু ১৩ এপ্রিল
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো-২০২৬। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের ব্রডব্যান্ড খাতের অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেই এই এক্সপোর আয়োজন করা হচ্ছে।

শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক্সপো সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া স্থানীয় সরকার ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেবেন।

এই এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি-সহ আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। দর্শনার্থীরা ‘এক্সপেরিয়েন্স জোনে’ এসব উদ্ভাবন সরাসরি দেখার সুযোগ পাবেন।

এছাড়া তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল থাকবে।

ব্রডব্যান্ড এক্সপো-২০২৬-এ দেশের শীর্ষ প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানগুলো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, যা এ খাতের সম্ভাবনা ও আগ্রহকে আরও জোরালোভাবে তুলে ধরছে।