এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার
নিউজ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬

চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স আসে ২২১ কোটি ৭০ লাখ ডলার। পরবর্তী পাঁচ দিনে আরও ৩৬ কোটি ১০ লাখ ডলার যোগ হয়। সব মিলিয়ে ২৫ দিনে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৫৭ কোটি ৮০ লাখ ডলার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও যথাক্রমে ৩০২ কোটি ও ৩১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।