কমলো সোনার দাম

কমলো সোনার দাম
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই দর মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা প্রতি ভরি। আগের দিন এর দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে বিশুদ্ধ সোনার দাম কমায় দেশের বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ের ওঠানামার প্রেক্ষাপটে সোনার দাম কমেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা, শুরুর পর সোনার দাম বেড়ে গেলেও বর্তমানে তা কিছুটা কমতির দিকে রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন প্রায় ৪ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে, যা আগে ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।