সোনার দাম বাড়লো, বাজুসের সিদ্ধান্তে সকাল থেকেই কার্যকর নতুন দর

সোনার দাম বাড়লো, বাজুসের সিদ্ধান্তে সকাল থেকেই কার্যকর নতুন দর
নিউজ ডেস্ক
৬ মে ২০২৬

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা করা হয়েছে।

১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণেই এ সমন্বয় করা হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, মাত্র একদিন আগেই একই পরিমাণে সোনার দাম কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সেই দাম বাড়ানো হলো, যা বাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।