জুন থেকেই বাড়ছে বিদ্যুতের দাম

জুন থেকেই বাড়ছে বিদ্যুতের দাম
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬

ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়ছে খরচের চাপ। জুন মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে বিদ্যুতের নতুন খুচরা মূল্যহার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য নির্ধারিত ‘লাইফ লাইন’ সুবিধায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ফলে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা আগের সুবিধাই পাবেন।

বিইআরসির এক কর্মকর্তা জানান, মূল্য সমন্বয়ের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের ছুটির আগেই এ-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন কেবল চূড়ান্ত ঘোষণা বাকি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে করা শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি প্রতি ইউনিটে ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত মূল্য বাড়ানোর সুপারিশ করেছে।

এদিকে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিইআরসির গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়। পরে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করে।

সূত্র বলছে, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য তুলনামূলক কম হারে দাম বাড়ানো হতে পারে। এরপর ধাপে ধাপে বেশি ব্যবহারকারীদের ওপর বাড়তি মূল্যহার আরোপ করা হবে। সবচেয়ে বেশি চাপ পড়তে পারে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপর।

সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিইআরসি।