বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতি
৩ হাজার কোটি টাকার প্রকল্পে আধুনিক হচ্ছে বগুড়া বিমানবন্দর
উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটিকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়াসহ আশপাশের কয়েকটি জেলার ব্যবসা-বাণিজ্য, কৃষি ও বিনিয়োগ খাতে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দরের বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি রানওয়ে সম্প্রসারণ, অত্যাধুনিক যাত্রী টার্মিনাল নির্মাণ, ট্যাক্সিওয়ে ও এপ্রোন উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের নেভিগেশন ও লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। এ প্রকল্পের কারিগরি সহায়তা ও মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে বগুড়া শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে এরুলিয়া এলাকায় অবস্থিত বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ৪ হাজার ৫০০ ফুট। উন্নয়ন পরিকল্পনার আওতায় এটি ১০ হাজার ফুটে উন্নীত করা হবে, যা বড় আকারের বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি করবে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরটি চালু হলে জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার মানুষও সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে কৃষিপণ্য, সবজি ও কৃষিযন্ত্রপাতি দ্রুত পরিবহন ও রপ্তানির সুযোগ তৈরি হবে।
প্রকল্পের অংশ হিসেবে ভূ-প্রকৌশল জরিপ, মৃত্তিকা পরীক্ষা, পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং আর্থিক সম্ভাব্যতা বিশ্লেষণও পরিচালনা করা হবে। পাশাপাশি সংযোগ সড়ক, পার্কিং এলাকা এবং অন্যান্য সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতে, বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। কৃষিপ্রধান এ অঞ্চলের উৎপাদিত পণ্য দ্রুত দেশের বিভিন্ন স্থানে এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হবে।
গত ৭ মে বিমানবন্দর এলাকা পরিদর্শনের পর আফরোজা খানম জানান, উত্তরবঙ্গের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর বগুড়াতেই নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এখানে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠা এবং বগুড়াকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ করা হচ্ছে।
মোশাররফ হোসেন বলেন, বিমানবন্দর উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুতই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

