জুনের ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ কোটি ডলার

জুনের ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ কোটি ডলার
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে প্রবাসী আয় দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৮৩ লাখ ডলার।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১৮ দশমিক ৬১ শতাংশ।

রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসে সর্বকালের সর্বোচ্চ মাসিক রেকর্ড গড়ে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রায় প্রতিটি মাসেই ২৪০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।