ফের কমলো জেট ফুয়েলের দাম

ফের কমলো জেট ফুয়েলের দাম
নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে দেশের বাজারেও জেট ফুয়েলের মূল্য আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দর মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত ৭ জুন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য মূল্য ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছিল।

তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে চলতি বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জেট ফুয়েলের মূল্যও কয়েক দফা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে দাম কমলেও যুদ্ধ শুরুর আগের ফেব্রুয়ারির তুলনায় অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের মূল্য এখনও বেশি। সে সময় প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গত বছরের মে মাস থেকে প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য পুনর্নির্ধারণ করছে বিইআরসি। এর আগে এ মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে।