দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬

বাংলাদেশের জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। বিশেষ করে এলএনজি সরবরাহ, বিদেশি বিনিয়োগ এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিক সহযোগিতা জোরদারে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ অংশ নেন।

আলোচনায় তুরস্কের পক্ষ থেকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে এলএনজি সরবরাহ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-তুরস্ক অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং জ্বালানি খাতে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মতবিনিময় করে।