সংকটে দায়িত্ব নিয়েছি, দেশ এখন স্থিতিশীল পথে: অর্থ উপদেষ্টা
দেশের অর্থনৈতিক সংকটের সময়ে দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার, ক্ষমতার লোভে নয়—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। সেটা নিয়েছি এক ক্রান্তিকালে। তখন অনেকে বলেছিলেন দেশ যেন ‘আইসিইউতে’—বিশেষ করে অর্থব্যবস্থা। এখন আমরা সেই সংকট সামলে স্থিতিশীলতা ফেরাতে পেরেছি।”
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুনসুর।
অর্থ উপদেষ্টা জানান, এই বাজেট একক কোনো দলের নয়, বরং তিন বছরের একটি ধারাবাহিক পরিকল্পনার অংশ। “আমরা বাজেট করেছি বাস্তবতা মাথায় রেখে, কথার ফুলঝুরি দিয়ে নয়,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “বহু বছরের ‘প্রবৃদ্ধি প্রবৃদ্ধি’ গল্প থেকে বের হয়ে আমরা এবার মানুষের জীবনমান, ক্রয়ক্ষমতা এবং ব্যবসা-বাণিজ্যের বাস্তবতা গুরুত্ব দিয়েছি। বাজেটে রয়েছে রাজস্ব আহরণ বাড়ানোর চেষ্টা, এনবিআর সংস্কার ও সামাজিক নিরাপত্তায় জোর।”
মূল্যস্ফীতি, ব্যাংকখাত, জ্বালানিখাত, রাজস্ব আদায়ের নানা চ্যালেঞ্জের মধ্যে বাজেট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “আমরা বিপ্লব ঘটাতে আসিনি, বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে এসেছি। আমরা চেষ্টা করছি এমন কিছু ‘ফুটপ্রিন্ট’ রেখে যেতে, যা ভবিষ্যতের সরকার কাজে লাগাতে পারবে।”
সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, “বাইরের দেশগুলো বাংলাদেশকে এখন অনেক ইতিবাচকভাবে দেখছে। অথচ দেশের ভেতরে আমরা নিজেরাই যদি নেতিবাচক কথা বলি, তবে বাইরের আস্থা কমে যাবে। দেশের মানুষকেও সরকারের প্রতি সহযোগিতা ও ইতিবাচক মনোভাব দেখাতে হবে।”


