চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে, নতুন কলেজ যুক্ত হয়েছে ২০টি

শিক্ষা
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে, নতুন কলেজ যুক্ত হয়েছে ২০টি
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। তবে কলেজের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৭টি, যা গত বছরের তুলনায় ২০টি বেশি। এবার ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী ১১৫টি কেন্দ্রে অংশ নেবেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছর ২০২৪ সালে ২৮৭টি কলেজ থেকে মোট ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তুলনামূলকভাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার ১৬৫ জন কম।

চট্টগ্রাম জেলা ও মহানগর মিলে সর্বোচ্চ ৭১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। মহানগরে রয়েছে ৩৫ হাজার ৫৮৪ জন। কক্সবাজারে ১২ হাজার ৫ জন, রাঙামাটিতে ৫ হাজার ৫৫৪ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৮২ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ১৩৯ এবং ছাত্রী সংখ্যা ৫৯ হাজার ৭৩০ জন বলে জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪০টি পরিদর্শক দল গঠন করা হয়েছে। এর মধ্যে ৩০টি সাধারণ এবং ১০টি বিশেষ দল থাকবে।”

তিনি আরও জানান, প্রশ্নপত্র নিরাপত্তা ও কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।