বিসিএস সিলেবাসে বড় পরিবর্তন আসছে, আধুনিক কাঠামো প্রণয়নে পিএসসির কর্মশালা
বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের ধরনে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই লক্ষ্যে সিলেবাস সংস্কার নিয়ে আলোচনা করতে পিএসসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে রোববার (১৬ নভেম্বর) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, বিদ্যমান বিসিএস সিলেবাসের বহু অংশ দীর্ঘদিন ধরে হালনাগাদ না হওয়ায় তা এখন অপ্রয়োজনীয়, জটিল ও অস্পষ্ট হয়ে পড়েছে। দীর্ঘ সিলেবাসের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় প্রার্থীদের জন্য প্রস্তুতি অনেক সময় বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়। এ কারণে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, স্বচ্ছ ও দক্ষতা-ভিত্তিক একটি নতুন সিলেবাস প্রণয়নের প্রয়োজনীয়তা সামনে আসে।
আলোচনায় উঠে আসে, সিলেবাস ও প্রশ্ন কাঠামোতে ধাপে ধাপে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবং যথেষ্ট সময় হাতে রেখে তা প্রার্থীদের জানানো হবে। পাশাপাশি জাতীয় কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞান, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক কাঠামো তৈরির সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।
বিশেষজ্ঞরা বলেন, নতুন সিলেবাস শুধু বিসিএস পরীক্ষাই নয়, অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও মানোন্নয়নে ভূমিকা রাখবে। প্রশ্নপত্র তৈরির নীতিমালা, মার্কস বণ্টন এবং কাঠামোর আধুনিকায়ন নিয়েও আলোচনায় বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি বলেন, “দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক বাস্তবতায় দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ তৈরি করতে বিসিএস সিলেবাসকে যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। পরিবর্তন এখন সময়ের দাবি।”
কর্মশালায় পিএসসির সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


