শিক্ষকদের কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক স্কুলে আজও পরীক্ষা বন্ধ

শিক্ষা
শিক্ষকদের কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক স্কুলে আজও পরীক্ষা বন্ধ
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চার দফা দাবিতে চলমান কর্মবিরতির কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। তবে কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের তৎপরতায় পরীক্ষার আয়োজন হলেও সেগুলো সীমিতভাবে হয়েছে।

অভিভাবক ও শিক্ষার্থীরা বিরক্তি প্রকাশ করেছেন, কারণ অনেকেই স্কুলে এসে পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু কর্মবিরতির কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় তারা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। কিছু স্কুলে নোটিশ দেওয়া হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন ছিল। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সোমবার সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া গেলেও দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত রাখা হয়। মঙ্গলবার সেখানে সব পরীক্ষা বন্ধ রয়েছে। খুলনা, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার বিদ্যালয়েও বার্ষিক পরীক্ষা বিঘ্নিত হয়েছে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার মন্তব্য করেছেন, “পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ করা সরকারি আচরণবিধির লঙ্ঘন। এই ধরনের কর্মবিরতির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে ৬৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ হাজারের বেশি শিক্ষক কর্মরত। শিক্ষকরা সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতি কার্যকর করা, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদনসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। দাবি না মানায় ৩০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, কর্তৃপক্ষ যদি আলোচনায় বসে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন, তাহলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। অন্যথায় শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।