ঢাকা–আইডিয়াল কলেজের শান্তি চুক্তির ৩ সপ্তাহের মাথায় ফের শিক্ষার্থী সংঘর্ষ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, শান্তি চুক্তির মাত্র তিন সপ্তাহের মাথায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একই বাসে করে যাচ্ছিল। পথে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করতে আসলে উত্তরা ব্যাংক সংলগ্ন এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী বাধন মাহবুব বলেন, “আমাদের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। এর আগে ঢাকা কলেজের বার্ষিকী কনসার্টে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, যা আজকের সংঘর্ষের কারণ হতে পারে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ইলিয়াস জানিয়েছেন, “যারা মারামারিতে যুক্ত ছিল, তাদের চিকিৎসার খরচ কলেজ বহন করবে। এছাড়া অশান্তি সৃষ্টিকারী শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শক মোহাম্মদ হাফিজ জানান, “সংঘর্ষের পর আমরা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। শান্তি চুক্তি অনুযায়ী কমিটি বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছে।”
উল্লেখ্য, নভেম্বরে ৯ তারিখ পুলিশ ও দুই কলেজের কর্তৃপক্ষের উপস্থিতিতে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে তারা একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ ও ভবিষ্যতে কোনো সংঘর্ষে জড়াবেন না প্রতিশ্রুতি দিয়েছিলেন।


