রাষ্ট্রীয় শোকের মাঝেই হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
এ পরিস্থিতিতে শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে সংশয় দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, রাষ্ট্রীয় শোকের দিন নিয়োগ পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জাগো নিউজকে বলেন, “আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। যদি কোনো পরিবর্তন আসে, তা যথাসময়ে জানানো হবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপ মিলিয়ে মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ প্রতি পদে গড়ে প্রায় ৭৫ জন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে।
প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি, আর দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪,১৬৬টি পদের বিপরীতে জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি আবেদন।


