শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় আন্তর্জাতিক চমক, গান গাইলেন এড শিরান?
বলিউড তারকা শাহরুখ খান আবারও ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছেন। আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই নতুন একটি খবর সবার কৌতূহল বাড়িয়েছে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য গান গেয়েছেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এড শিরানকে প্রশ্ন করেন, তিনি কি হিন্দি ভাষায় কোনো গান করেছেন? উত্তরে শিরান জানান, “হ্যাঁ, এটি শাহরুখ খানের একটি ছবির জন্য ছিল।” তিনি আরও জানান, গানটি কিছুটা তাঁর ‘স্যাফায়ার’ ট্র্যাকের মতো, যেটিতে অরিজিৎ সিং পাঞ্জাবি লাইন গেয়েছেন।
যদিও সরাসরি ‘কিং’ সিনেমার নাম উল্লেখ করেননি এড, তবে বলিউড সূত্র বলছে, শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’-এর সঙ্গেই এই গানের সম্পর্ক রয়েছে। ছবিটির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো অ্যাকশন হিট সিনেমার জন্য পরিচিত।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাওয়ান’ সিনেমার ‘ছম্মক ছল্লো’ গানটিতে আমেরিকান হিপ-হপ তারকা একনের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ। সেই সফল অভিজ্ঞতার পর এবার এড শিরানের মতো গ্লোবাল তারকাকে যুক্ত করা নিঃসন্দেহে বড় খবর।
শাহরুখ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই খবরে দারুণ উচ্ছ্বসিত। কেউ বলছেন, “বলিউড আবার আন্তর্জাতিক মানে ফিরছে”, আবার কেউ লিখছেন, “SRK × Ed Sheeran — ড্রিম কল্যাবোরেশন!”
‘কিং’ সিনেমা ও গানটির বিষয়ে এখনো শাহরুখ খান, এড শিরান বা প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি, ছবির একটি থিম সংয়ে এড শিরান ও ভারতীয় শিল্পীর যৌথ কণ্ঠ শোনা যাবে।


