অবশেষে ‘তালু চাটার’ মন্তব্য নিয়ে মুখ খুললেন আমির খান!
বলিউডের দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খানের মধ্যকার পুরনো বিতর্ক অবশেষে নতুন আলোচনায় এসেছে। বহু বছর আগে আমির খানের একটি মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন—“শাহরুখ আমার তালু চাটছে, আমি তাকে বিস্কুট খাওয়াচ্ছি।” কথাটি ঘিরে বলিউডে আলোড়ন তৈরি হয়েছিল, ভক্তদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছিল।
তখন আমির খান ব্যাখ্যা দিয়েছিলেন যে, তার পোষা কুকুরের নাম ছিল ‘শাহরুখ’, যা কিনেছিলেন এক পারসি মালিকের কাছ থেকে, যিনি ওই নাম রেখেছিলেন। যদিও আমির দাবি করেছিলেন এটি নিছকই একটি কৌতুক ছিল, কিন্তু শাহরুখ ভক্তরা তা সহজভাবে নেয়নি।
সেই ঘটনার পর একসময় আমির খান শাহরুখ খানের বাড়িতে যান, শাহরুখের ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার কাছেও ক্ষমা চান। এরপর থেকেই দুই খানের মধ্যে সম্পর্ক অনেকটাই বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এতদিন এ বিষয়ে খোলামেলা মুখ খুলেননি আমির।
“আমরা দুজন একে অন্যকে নিয়ে তখন অনেক কিছু বলতাম। হয়তো ও আমার ওপর কিছুটা বিরক্ত ছিল, কেন ছিল জানি না। হয়তো আমি কখনো কারও সম্পর্কে কিছু বলি না, সেই কারণে। তখনকার সময়টা এখন মনে হলে অনেকটাই শিশুসুলভ লাগে।”
তিনি আরও বলেন,
“শাহরুখ এখন আমার ভালো বন্ধু। ক্যারিয়ারের শুরুর দিকে আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, সেটা ১৫ বছর আগেই শেষ হয়ে গেছে—আমার দিক থেকে তো অবশ্যই।”
“শাহরুখ আমাকে নিয়ে রসিকতা করত, বিশেষ করে অ্যাওয়ার্ড শোতে যেহেতু আমি যেতাম না। সেটাকে আমি খুব খারাপভাবে নিইনি। এখন এসব পেছনের গল্প হয়ে গেছে। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ।”
আমিরের এই বক্তব্যে বোঝা যায়, অতীতের বিতর্ক এখন ইতিহাস। বর্তমানে বলিউডের দুই সুপারস্টার একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এতে ভক্তদের মধ্যেও স্বস্তি ফিরেছে।


