‘ইরান ভয় পায় না, খামেনি লুকিয়ে নেই বাঙ্কারে’
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও একের পর এক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই বলে জানিয়েছেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করতে পারে—এমন আশঙ্কা থেকে নানা গুজব ছড়ানো হচ্ছে, তবে সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে ইরানের কনসাল জেনারেল দাবি করেন, কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় উসকানি দিয়েছে। তাঁর মতে, শুরুতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি সংযম ও নমনীয়তা দেখালেও পরে পরিস্থিতির মোড় ঘুরে যায়।
মোতলাঘ বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবারের পর বিদেশে অবস্থানরত কিছু গোষ্ঠীর নির্দেশনায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়। এর ফলে বিভিন্ন শহরে নাশকতা, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।”
তার দাবি অনুযায়ী, সহিংসতায় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী ছিলেন।
তিনি আরও জানান, বিক্ষোভে বিদেশি নাগরিকদের সরাসরি অংশগ্রহণ খুবই সীমিত ছিল। তবে ইরান সরকারের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যার মাধ্যমে জানা গেছে—অনেক বিক্ষোভকারী বিদেশি গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত তথ্যের দ্বারা প্রভাবিত হয়েছেন।
অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বিশেষ করে বিমানবাহী রণতরী বহর মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “ইরান যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।”
তিনি দাবি করেন, অতীতে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ ও সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে ইরান তার প্রতিরোধ সক্ষমতা প্রমাণ করেছে। দুই দিনের মধ্যেই সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে আসছেন না বা বাঙ্কারে অবস্থান করছেন—এমন অভিযোগ নাকচ করে মোতলাঘ বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা থাকা স্বাভাবিক। তবে কেউ যেন মনে না করে যে তিনি লুকিয়ে আছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না।”
সূত্র: এনডিটিভি


