আমার হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ প্রাণহানি হতো: ট্রাম্প
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সামরিক উত্তেজনা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তিনি হস্তক্ষেপ না করলে দুই দেশ পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত এবং অন্তত ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, তার কূটনৈতিক উদ্যোগেই ভারত-পাকিস্তান সংঘাত থেমেছে। তিনি দাবি করেন, ক্ষমতা গ্রহণের প্রথম দশ মাসে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন এবং পাকিস্তান-ভারত সংঘাত ছিল তার মধ্যে অন্যতম।
ট্রাম্প বলেন, “আমি না থাকলে পাকিস্তান ও ভারত পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমার হস্তক্ষেপে অন্তত ৩৫ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পেয়েছে।”
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বাইসরন উপত্যকায় বন্দুকধারীদের গুলিতে ২৫ জন ভারতীয় নাগরিক নিহত হন। এ ঘটনার পর ৪ মে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনাবাহিনী।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী পরিচালনা করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। টানা চার দিন উত্তেজনা ও সীমিত সামরিক সংঘাতের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন, তার একক কূটনৈতিক প্রচেষ্টাতেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। পাকিস্তান সরকার তার বক্তব্যকে সমর্থন করলেও ভারত আনুষ্ঠানিকভাবে এ দাবি স্বীকার করেনি।
ভাষণে ট্রাম্প আরও বলেন, তার পরবর্তী লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। তার দাবি, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধই শুরু হতো না।


