ইরানে ইসরাইলের হামলা: রাশিয়ার পদক্ষেপ

ইরানে ইসরাইলের হামলা: রাশিয়ার পদক্ষেপ
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরান-এ সামরিক হামলা শুরু করেছে। ইসরাইলি হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে বলে ইরানি সূত্রে দাবি করা হয়েছে।

হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইরান ও ইসরাইলে ফ্লাইট চলাচল স্থগিত করেছে রাশিয়া। মস্কোর পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও ইসরাইল উভয়েই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া-র সঙ্গে সমন্বয় করে পারস্য উপসাগরীয় দেশগুলোতে নিরাপদ ফ্লাইট পরিচালনার জন্য বিকল্প রুট প্রস্তুত করা হয়েছে। দীর্ঘপথ ব্যবহারের কারণে ফ্লাইট সময় বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ইরানে মার্কিন হামলার কড়া সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, পরমাণু আলোচনা ছিল কেবল একটি ‘ছদ্মবেশ’।

মেদভেদেভের ভাষ্য, আলোচনার টেবিলকে যুদ্ধের প্রস্তুতির ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন, যা আন্তর্জাতিক কূটনীতির জন্য বিশ্বাসঘাতকতা।

রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তার কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অক্ষত রয়েছেন বলে জানানো হয়েছে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে।