খামেনির দাফন কবে ও কোথায়, যা জানা গেল
ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত হওয়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। জানা গেছে, মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তার বাবার কবর রয়েছে। তবে খামেনির কবর ঠিক কোথায় হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফার্স নিউজ জানিয়েছে, খামেনিকে বিদায় জানাতে রাজধানী তেহরানে একটি গণ-স্মরণানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণানুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদের হাতে। ফার্স নিউজ এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত থাকতে পারে।


