মধ্যপ্রাচ্যে অবস্থিত সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে।
বুধবার (৪ মার্চ) কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশেই প্রতিহত করে। তবে অপর ক্ষেপণাস্ত্রটি সরাসরি ঘাঁটির ভেতরে আঘাত হানে। হামলার পর ঘাঁটির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছিল। বিশ্লেষকদের মতে, আল-উদেইদ ঘাঁটিতে হামলা সেই প্রতিশোধমূলক পদক্ষেপেরই অংশ।
আল-উদেইদ ঘাঁটিটি এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে মার্কিন বিমান অভিযান পরিচালিত হয়। ঘাঁটিটিতে স্থায়ীভাবে প্রায় ১০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
তেহরান সূত্রে জানা গেছে, কেবল কাতার নয়—মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

