ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করবে না ইরাক: প্রধানমন্ত্রী সুদানি
নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। বুধবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইরাকের প্রধানমন্ত্রী। ফোনালাপে দুই দেশের মধ্যে নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান ইরাকের প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ড বা সীমান্ত ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে দেবে না।
এ সময় ইরানের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক সামরিক হামলারও নিন্দা জানান ইরাকি প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে ইরাকের অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রতি সমর্থন এবং হামলার নিন্দা জানানোয় ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
দুই দেশের নেতারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


