যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি ধর্মীয় নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ৬৬০ জন আলেম যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করেন।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলেমরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, আয়াতুল্লাহ খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলেমদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা অর্জন করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।
ধর্মীয় নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া আলেম-ওলামা, চিন্তাবিদ ও স্বাধীনতাকামী মুসলমানদের জন্য এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব। তারা যোগ করেছেন, এই হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত।


