প্রতিবেশী দেশে অনিচ্ছাকৃত হামলার জন্য ক্ষমা চাইলেন ইরানি প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক নাটকীয় মোড় দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে প্রতিবেশী দেশগুলোর ওপর অনিচ্ছাকৃত হামলার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, “আমাদের কোনো প্রতিবেশী দেশ দখলের অভিপ্রায় নেই। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সহযোগিতার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও হুঁশিয়ারি দেন, যারা এই পরিস্থিতিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে চায় তারা যেন “সাম্রাজ্যবাদের পুতুল” না হয়।
কিন্তু প্রেসিডেন্টের শান্তি বার্তার কয় মিনিটের মধ্যেই কাতারের রাজধানী দোহার আকাশে একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং নিরাপত্তা সতর্কতা চালু হয়। ধারণা করা হচ্ছে, এটি ইন্টারসেপশন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধের শব্দ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে নিরাপত্তা ঝুঁকি ‘উচ্চতর’ পর্যায়ে উল্লেখ করলেও পরে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বিশ্লেষকদের মতে, ক্ষমা প্রার্থনা এবং পরবর্তী বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে।


