যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে : ইরান
ইরান দাবি করেছে, চলমান সংঘাতের মধ্যে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
লারিজানির দাবি, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন অভিযানে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন সেনা আটক হয়েছেন সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
এছাড়া কীভাবে এবং কোথায় এসব মার্কিন সেনাকে আটক করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য দেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের স্থল হামলার বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে কীভাবে মার্কিন সেনারা আটক হলো—তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা


