ভারতে বাংলাদেশি সন্দেহে ১২৪ জনকে আটক
ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে ১২৪ জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছেন।
রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরু সিটি পুলিশ শুক্রবার পরিচালিত অভিযানে মোট ২০০ জন বিদেশি নাগরিককে আটক করে। পুলিশের দাবি, তাদের মধ্যে ১২৪ জন বাংলাদেশি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং-এর নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কারও কাছেই ভারতে প্রবেশ ও বসবাসের বৈধ নথি পাওয়া যায়নি, এবং বাংলাদেশি হওয়ার কোনো দলিলও উপস্থিত ছিল না।
বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)-এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
বেঙ্গালুরু সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশে গত কয়েক দিন ধরে বিভিন্ন থানার এলাকায় অবৈধ বাংলাদেশি নাগরিক শনাক্তকরণের অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগ এই অভিযানে সহায়তা করেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক শনাক্তকরণের অভিযান চলবে।


