নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত তিনি এককভাবে নেবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন বলে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধের সমাপ্তি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং এ বিষয়ে তিনি নিয়মিতভাবে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি ও নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান ইতোমধ্যে ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করতে পারত। তার ভাষায়, ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করছিল।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত পদক্ষেপের ফলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

যুদ্ধের সমাপ্তি কি কেবল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হবে, নাকি ইসরায়েলেরও সমান ভূমিকা থাকবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি অনেকটাই যৌথ সিদ্ধান্তের মতো হবে এবং এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে সামরিক অভিযান বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না—এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কেরই প্রতিফলন। একই সঙ্গে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থাও এতে স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে যুদ্ধের পরবর্তী ধাপ কী হবে এবং কখন তা থামবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা অব্যাহত রয়েছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান