ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শাসকগোষ্ঠীর অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে সামরিক অভিযান শুরু হয়েছে। হামলায় বিশেষভাবে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
ইসরায়েলের দাবি, সাম্প্রতিক এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি ওই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আইডিএফের তথ্য অনুযায়ী, শনিবার চালানো একটি হামলায় তিনি নিহত হন।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স


