বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের ড্রোন হামলা
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ১১তম দিনে বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত একটি হোটেলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার (১০ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের ওই নির্দিষ্ট হোটেলটিকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, হোটেলটি মার্কিন সামরিক কর্মকর্তাদের অস্থায়ী আবাসন বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
তবে হামলায় হোটেলের ভেতরে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা বাহরাইনের রাজধানী মানামা কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে দাবি করা হচ্ছে।


